‎শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে বোদায় গ্রাম পুলিশদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা।
‎
‎পঞ্চগড় প্রতিনিধি: মোঃ শোহানুর রহমান শাহিন
‎
‎পঞ্চগড়ের বোদায় আসন্ন মহালয়া ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বোদা থানা ক্যাম্পাসে থানার অফিসার ইনচার্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
‎
‎সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম। তিনি গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং আসন্ন মহালয়া ও সার্বজনীন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
‎
‎পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার জন্য তিনি তাদের নির্দেশনা দেন। এ সময় গ্রাম পুলিশদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
‎
‎সভায় দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল হকসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎সভা শেষে গ্রাম পুলিশদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।