কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশের জলসীমার ভেতরে এই অভিযান চালানো হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্র জানায়, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে নিয়মিত টহলের সময় একটি সন্দেহভাজন বোটের গতিবিধি নজরে আসে কোস্ট গার্ড সদস্যদের। বাহিনীর উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত গতিতে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা বোট থেকে তিনটি বড় বস্তা সাগরের পানিতে ফেলে দেয়। পরে কোস্ট গার্ড সদস্যরা পানিতে ভাসতে থাকা ওই বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালান। বস্তাগুলো খুলে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মাদক জব্দের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা রক্ষা, মাদক ও মানব পাচার রোধ এবং সব ধরনের চোরাচালান বন্ধে কোস্ট গার্ড নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিস্তার ঠেকাতে ভবিষ্যতেও তাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।