মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ রেখে আলোচনায় উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। তাকে নিয়ে এখন চারদিকে বেশ চর্চা চলছে। তবে এই তরুণ ক্রিকেটারকে নিয়ে এখনই খুব বেশি হইচই করতে রাজি নন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি মনে করেন, কোনো ক্রিকেটারকে তারকা হিসেবে গণ্য করার আগে তার ধারাবাহিক পারফরম্যান্স দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, এত দ্রুত কোনো মন্তব্য করা ঠিক হবে না। তার মতে, অনেক প্রতিভাবান ক্রিকেটারই অতীতে এসেছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছেন। তিনি প্রশ্ন রাখেন, ওর কি সেই ক্ষমতা আছে? আমরা দেখেছি, অনেক ক্রিকেটার প্রতিভা নিয়ে এসেছে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে কপিল টেনে এনেছেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির উদাহরণ। অভিষেকের সময় কাম্বলিকে অনেকে শচীন টেন্ডুলকারের চেয়েও বেশি প্রতিভাবান মনে করতেন, কিন্তু শৃঙ্খলার অভাবে তিনি হারিয়ে যান। কপিল বলেন, বিনোদ কাম্বলিকে দেখুন। ওরও প্রতিভা ছিল। কিন্তু হারিয়ে গেল। ওকে নিয়ে আপনি কী বলবেন?

তরুণ বৈভবের ভবিষ্যৎ নিয়ে কপিল দেব মনে করেন, সামনের কয়েকটি বছরই নির্ধারণ করবে তার ক্যারিয়ার কোন দিকে যাবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করার পক্ষপাতী তিনি। কপিলের ভাষায়, বৈভবের এখন ১৫ বছর বয়স। ওকে আরও তিন বছর খেলতে দিন। তার পর কথা বলব।