যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মাইক্রোসফটসহ আটটি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং প্রতিষ্ঠানের স্থায়ী শ্রম সার্টিফিকেশন (পিইআরএম) প্রোগ্রামে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। আমেরিকান কর্মীদের চাকরির বাজার থেকে বঞ্চিত করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার কবলে পড়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারতের টাটা, উইপ্রো ও ইনফোসিস। এছাড়া অ্যাডোবি, কগনিজেন্ট, এইচসিএল এবং ক্যাপজেমিনির মতো প্রতিষ্ঠানগুলোকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বড় প্রযুক্তি ও আউটসোর্সিং কোম্পানিগুলো সাধারণত পিইআরএম-কে এমপ্লয়ার-স্পন্সরড গ্রিন কার্ড প্রক্রিয়ার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।
মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত এই আটটি আইটি কোম্পানির কোনো নতুন পিইআরএম আবেদন আর গ্রহণ করা হবে না। একইসঙ্গে আগে থেকে পেন্ডিং থাকা কোনো আবেদনও আর প্রক্রিয়াজাত করা হবে না। এইচ-১বি ভিসায় কর্মী নিয়োগের ক্ষেত্রে নজরদারি জোরদার এবং বিদেশি কর্মী নিয়োগের এই কর্মসূচিতে অনিয়মের অভিযোগ ওঠার পরই ট্রাম্প প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল।