ভারতে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভ শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত এই কর্মসূচিকে আয়োজকরা ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। বিক্ষোভস্থলে সিজেপি নেতাদের সঙ্গে উপস্থিত হন ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ। এ সময় এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগের সমর্থনে তারা বিভিন্ন ভিডিও প্রমাণ তুলে ধরেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে অভিনেতা প্রকাশ রাজ বলেন, তারা দেশের ভোটারদের অপমান করেছেন। তিনি অভিযোগ করেন, পাঁচ বছরে মাত্র একবার রাজনীতিবিদরা আবেদন নিয়ে আসেন, আর এখন ভোটারদের নিজেদের ভোটের জন্য কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে জেএনইউ ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা এবং যুব ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

সিজেপি এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর দাবি, এসআইআর কার্যক্রমের সময় ভোটার তালিকা থেকে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বাতিল করে আগের তালিকা বহাল রাখতে হবে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। তারা এসআইআর কার্যক্রমকে ‘ভোট চুরি’র প্রক্রিয়া হিসেবে বর্ণনা করছেন।

বিক্ষোভস্থলে একটি ‘পিপলস ট্রাইব্যুনাল’ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়ে তাদের উদ্বেগ ও অভিজ্ঞতা তুলে ধরবেন। এছাড়া ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা ছুড়ে প্রতিবাদের মাধ্যমেও ক্ষোভ প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।