বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য যেন আমাদের আত্মমূল্যবোধ বা ব্যক্তিগত সিদ্ধান্তকে কোনোভাবেই প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে প্রত্যেকের সতর্ক থাকা উচিত। সম্প্রতি যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। মা হওয়ার পর তাঁর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া ট্রল ও কটাক্ষের পর ক্যাটরিনার এই মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে।

অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ বলেন, 'নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হোন।' তিনি মনে করেন, মানুষ কখনো প্রশংসা করবে, আবার কখনো সমালোচনা করবে। তাই সব সময় অন্যের প্রশংসার ওপর নির্ভর না করে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের নানা মতামতের ওপর অতিরিক্ত গুরুত্ব দিলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ সমান আত্মবিশ্বাসী থাকে না উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, কোনো দিন নিজেকে নিয়ে ভালো অনুভূতি কাজ করে, আবার কোনো দিন নিজেকে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে এই চড়াই-উতরাইয়ের মধ্যেও নিজের প্রতি সৎ থাকা জরুরি। নিজেকে বদলে ফেলার বাড়তি চাপ না নিয়ে বর্তমান অবস্থাকে মেনে নেওয়ার ওপর জোর দেন তিনি। ক্যাটরিনা বলেন, 'কখনো পৃথিবী আপনাকে উদ্‌যাপন করবে, আবার কখনো নিজের সবচেয়ে বড় সমর্থক আপনাকেই হতে হবে।'

ক্যাটরিনার এই বক্তব্যের পেছনে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিতর্ক। গত সেপ্টেম্বর মাসে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন অনেকে। সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরে আসা স্বাভাবিক পরিবর্তন নিয়ে এ ধরনের কটাক্ষের তীব্র সমালোচনা শুরু হয় নেট দুনিয়ায়। একজন নারী মা হওয়ার পর কত দ্রুত আগের চেহারায় ফিরবেন, তা নিয়ে সমাজের অযৌক্তিক প্রত্যাশা নিয়েও প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অন্য তারকারাও। অভিনেত্রী পরিণীতি চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের শরীর নিয়ে এমন মন্তব্য করার প্রবণতার কড়া সমালোচনা করেন। পাশাপাশি অভিনেতা সালমান খানও ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে তারকাদের বয়স, চেহারা ও শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার বিষয়টির নিন্দা জানান। বিশেষ করে সন্তান জন্ম দেওয়ার পর নারীদের ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ করার মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হন তিনি।