ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হুতিদের এসব আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এ ধরনের হামলা নিরপরাধ সাধারণ মানুষের জীবনের জন্য চরম ঝুঁকি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।

এই সংকটময় মুহূর্তে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করেছে। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে।