গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের কর্মীদের বহনকারী একটি প্রাইভেটকারে গুলি চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

আহতদের সহকর্মী রিফাত জানান, তাঁরা নরসিংদী থেকে প্রাইভেটকারে করে ৪ কোটি টাকা নিয়ে শ্রীপুরের মাওনার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাঁদের গাড়ির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে হিমেল নামের এক কর্মী গুলিবিদ্ধ হন এবং প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়াসহ মোট চারজন আহত হন।

এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়া জানান, মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে গুলি ছোড়ার পাশাপাশি গাড়ির কাচ ভাঙচুর করে। তাঁরা প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে ভীতি প্রদর্শন করে টাকা নিয়ে পালিয়ে যায়। রিফাতের ভাষ্যমতে, তাঁদের গাড়িতে তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় এবং গাড়িতে একটি বস্তা অক্ষত থেকে যায়। ছিনিয়ে নেওয়া দুই বস্তায় প্রায় তিন কোটি টাকা ছিল বলে তাঁদের ধারণা।

আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক বিজন মালাকার জানান, চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ হিমেলকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, নরসিংদী থেকে টাকা নিয়ে আসার সময় চারটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা গাড়িটি অনুসরণ করেন এবং কর্ণপুর এলাকায় গতিরোধ করে গুলি ছোড়েন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।