দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন শিশু। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৪৩ জন শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৮১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগীর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।