টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তার জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পছন্দের বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন। তিনি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করেন, যিনি কেবল ভালো মানুষই হবেন না, বরং তার ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রমণপ্রিয় হিসেবেও পাশে থাকবেন। মিমির কাছে এই গুণগুলোর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার সন্তানদের যেন সেই ব্যক্তিটি গভীরভাবে ভালোবাসেন।

বর্তমানে মিমি চক্রবর্তী তার নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। প্রচারণার ফাঁকে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মিমি মজার ছলে জানান, অন্যের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি বেশ পছন্দ করেন, বিশেষ করে যদি সেখানে নিরামিষ খাবারের ভালো আয়োজন থাকে। নিজের বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম কাজ করছেন মিমি। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় তিনি সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির প্রস্তুতির বিষয়ে অভিনেত্রী জানান, সৃজিত তাকে এই চরিত্রের জন্য জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র আলোচিত চরিত্র ‘পুপে’র উদাহরণ দিয়েছিলেন।