ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। শহরজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর প্রায় ২৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকা, দিল্লির সীমান্ত, রেলস্টেশন এবং বাস টার্মিনালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া যান চলাচল ও নিরাপত্তার খাতিরে ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত থেকেই নিরাপত্তার এই ব্যাপক প্রস্তুতির চিত্র দৃশ্যমান হয়। যন্তর মন্তরের চারপাশ ঘিরে ব্যারিকেড বসানো হয়েছে এবং শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
দিল্লি পুলিশ অবশ্য সিজেপির এই বিক্ষোভের অনুমতি দেয়নি। প্রশাসনিক প্রক্রিয়ায় অনুমতি না নেওয়া, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বড় ধরনের জনসমাগমের ফলে জননিরাপত্তা ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনুমতি না মিললেও সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে দিল্লিতে উত্তেজনা সহজে থামার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।