যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া রাজনৈতিক বিজ্ঞাপনের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। এসব বিজ্ঞাপনে বাস্তব রাজনীতিকদের এমন সব কথা বলতে বা কাজ করতে দেখা যাচ্ছে, যা বাস্তবে কখনোই ঘটেনি। যদিও অনেক ক্ষেত্রেই বিজ্ঞাপনগুলো যে এআই দ্বারা তৈরি তা স্পষ্ট বোঝা যায়, তবুও ভোটারদের মনোযোগ আকর্ষণ এবং প্রার্থীদের রাজনৈতিক ভাবমূর্তি তৈরিতে এগুলো ভূমিকা রাখছে।
উদাহরণ হিসেবে নিউইয়র্কের গভর্নর পদের রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যানের প্রচার বিজ্ঞাপনের কথা উল্লেখ করা যায়। সেখানে নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুলকে একসঙ্গে বাগান করতে দেখা গেছে। ভিডিওটিতে তাদের এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা বাসিন্দাদের খরচ বাড়ানোর পরিকল্পনায় সম্মত হয়েছেন। আরেকটি বিজ্ঞাপনে হোকুলকে টোল ও যাতায়াত ভাড়া বাড়ানোর কথা বলতে দেখা যায়, যাতে মানুষ গাড়ি চালানো বা পাতালরেলে যাতায়াতের সামর্থ্য হারায়। বাস্তবে হোকুল বা মামদানি কেউই এসব বিজ্ঞাপনে অংশ নেননি।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনীতি কেন্দ্রের পরিচালক স্কট বাবওয়া ব্রেনেন এবারের নির্বাচনী প্রচারের এই প্রবণতাকে ‘স্লপাগান্ডা’ বলে অভিহিত করেছেন। ‘পলিটিক্যাল স্লপাগান্ডা’ শীর্ষক প্রতিবেদনের সহলেখক ব্রেনেনের মতে, প্রচারণামূলক অপতথ্য ও নিম্নমানের এআই উপাদানের সমন্বয়েই এই ধরনের বিজ্ঞাপন তৈরি হচ্ছে। ওয়েসলিয়ান মিডিয়া প্রজেক্টের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনী মৌসুমে প্রার্থী ও তাদের সমর্থকেরা এআই ব্যবহার করে ১৬৪টির বেশি বিজ্ঞাপন তৈরিতে ৮ কোটি ডলারের বেশি ব্যয় করেছেন। এর মধ্যে ৮০ শতাংশ বিজ্ঞাপনের পেছনেই রয়েছেন রিপাবলিকান প্রার্থী ও তাদের সমর্থকেরা।
তবে ব্রুস ব্লেকম্যান তার বিজ্ঞাপনের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, মার্কিন রাজনীতিতে ব্যঙ্গ ও পরিহাসের দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং তার বিজ্ঞাপনগুলো সেই ধারারই অংশ। তিনি দাবি করেন, বিজ্ঞাপনগুলো এআই দিয়ে তৈরি তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং শুরুতে কয়েক সেকেন্ডের সতর্কবার্তাও থাকে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রচারণার লক্ষ্য সব সময় সরাসরি মিথ্যা তথ্য ছড়ানো নয়, বরং প্রার্থীর চরিত্র বা আদর্শ সম্পর্কে একটি ধারণা তৈরি করা। ব্রেনেন মনে করেন, এসব বিজ্ঞাপন ‘তথ্যগত সত্যের চেয়ে গভীরতর সত্য’ তুলে ধরার দাবি করে, যা ভোটারদের আস্থা ও রাজনৈতিক মূল্যায়নের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১: ৫১আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১২: ০৮