পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে শনিবার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪ জেলায় এই সংবর্ধনা কার্যক্রম চলছে। পাবনা পর্বের এই আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। মিলনায়তনে ৮০০ আসনের ব্যবস্থা থাকায় অনেক শিক্ষার্থী ও অভিভাবককে বাইরে বারান্দায় বসে অনুষ্ঠান উপভোগ করতে হয়।
অনুষ্ঠানে তাসমিয়া ইসলাম নামের এক কৃতী শিক্ষার্থী তার সাফল্যের কথা তুলে ধরে জানায়, গৃহিণী মা কোহিনুর পারভীন ছোটবেলা থেকেই রাতের পর রাত জেগে তার জন্য নোট লিখে দিতেন। ওই নোট পড়েই সে সফলতা পেয়েছে। তার মা জানান, বড় মেয়ে তাসনিম মালিহা ২০১৬ সালে জিপিএ-৫ পেলেও সংবর্ধনা নিতে পারেনি, তাই এবার ছোট মেয়েকে নিয়ে এসেছেন। তাসমিয়া বর্তমানে শহীদ বুলবুল সরকারি কলেজে ভর্তি হয়েছে।
ঈশ্বরদীর কৃষক সেলিম রেজা তার মেয়ে সুমাইয়া তাবাচ্ছুমকে নিয়ে মোটরসাইকেলে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনুষ্ঠানে আসেন। মানিকনগর গার্লস হাইস্কুল থেকে জিপিএ-৫ পাওয়া সুমাইয়া উচ্চমাধ্যমিকে ঈশ্বরদী সরকারি কলেজে ভর্তি হয়েছে এবং ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে।
জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকচিত্রী হাসান মাহমুদ। শিক্ষার্থীদের উদ্দেশে শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ আখতার জামান বলেন, নিজেদের আলোয় অন্যকে আলোকিত করতে হবে এবং পিছিয়ে পড়া বন্ধুদের পাশে দাঁড়াতে হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ্ শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন এবং বাংলা বিভাগের চেয়ারম্যান মীর হুমায়ুন কবীর উচ্চমাধ্যমিকেও ভালো ফলাফলের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ বক্তব্য রাখেন। এছাড়া কুইজ বিজয়ী ১০ শিক্ষার্থীকে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন পুরস্কার হিসেবে দেওয়া হয়। সুজানগর থেকে আসা উম্মে আফরিন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেয়। সাংস্কৃতিক পর্বে বন্ধুসভার সদস্য মাইশা আলম নাচ এবং অরফিউজিক ব্যান্ডের শাহরিয়ার রাতিন গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বিকাশ এবং কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড ও এটিএন বাংলার সহযোগিতায় আয়োজিত হয়।