কাঁঠালিয়ায় অভিযানের গুজবে দৌড়াতে গিয়ে জেলের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে মো. ফরিদ তালুকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ তালুকদার উপজেলার বাঁশবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবারের ধারণা, মৎস্য বিভাগের অভিযানের খবর শুনে আতঙ্কিত হয়ে দৌড়ানোর সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ফরিদ তালুকদার দীর্ঘদিন ধরে হৃদরোগ ও স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর চোখে অস্ত্রোপচারও করা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি আগে থেকেই ঝুঁকিতে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।