সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের চালানো প্রাণঘাতী হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তের জন্য কাজ করছে সরকার। গত ১০ অক্টোবর ঘটা এই হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বাংলাদেশ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ঢাকা। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে যে, এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে।
একই সঙ্গে চলমান এই সংকটের মুখে সৌদি আরবের সরকার এবং দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা। এছাড়া সংলাপ ও কূটনীতির মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে বাংলাদেশ।