সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, হত্যাচেষ্টা, জিম্মি করে নির্যাতন ও অর্থ লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সচেতন সাংবাদিক ইউনিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।
কর্মসূচিটি যৌথভাবে পরিচালনা করেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপন এবং এ.এফ.এম রাসেল পাটোয়ারী। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং কামরুজ্জামান বাবলুর ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক মো. শামছুল আলম বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা ও নির্যাতন স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (বিএফইউজে) নির্বাহী সদস্য মো. আবু হানিফ বলেন, ৫ আগস্টের পর গুম, খুন ও অপহরণ নির্মূলের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের অপহরণ ও নির্যাতনের অভিযোগ জাতির জন্য লজ্জাজনক। তিনি সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধের আহ্বান জানান।
উল্লেখ্য, কামরুজ্জামান বাবলুর অভিযোগ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পোস্তগোলা ওভারব্রীজের নিচ থেকে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তিনি ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন এবং আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, মানবাধিকারকর্মী সেলিম রেজা বাচ্চু, বৈশাখী সংবাদের সম্পাদক রফিকুল ইসলাম এবং দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার নোমান মোশাররফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।