যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার রাতে তিন ব্যক্তি চান্দুটিয়া গ্রামে প্রবেশ করেন। পরে নসিমন চুরি করে পালানোর সময় গ্রামবাসী তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানুর রহমানকে ধরে মারধর করা হয়, এতে তার মৃত্যু হয়। অন্যদিকে, মনিরুজ্জামান ও বিল্লাল নামে অপর দুইজন পানিতে পড়ে যান। স্থানীয়রা মনিরুজ্জামানকে আটক করতে পারলেও বিল্লাল এখনো নিখোঁজ রয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চুরির অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আটক মনিরুজ্জামান গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।