নাটোরের লালপুর উপজেলায় সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে সার বিক্রির দায়ে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর ইউনিয়নের অনুমোদিত সার ডিলার ‘ভাই ভাই ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী ওয়াহিদুল ইসলাম খোকন তাঁর নির্ধারিত এলাকার বাইরে ঈশ্বরদী ইউনিয়নের সাব-ডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেছিলেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশকে খবর দেন। পরবর্তীতে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায় এবং সার বিক্রিতে অনিয়মের দায়ে অভিযুক্ত ডিলারকে জরিমানা করে।

এ ধরনের অনিয়ম রোধ করতে এবং সার বিক্রির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।