দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এই সাফল্যের মধ্য দিয়ে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল। রোববার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন প্রদান করে। সংস্থাটির চেয়ারম্যান এম মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছিলেন। অনুমোদনের পরপরই প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের ফিজিক্যাল স্টার্ট-আপ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি গ্রহণ করা হয়। এ পর্যায়ে রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন রিঅ্যাকশন চালু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামিতি, নিরাপত্তাব্যবস্থা ও নিয়ন্ত্রণ সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ইউনিটের প্রেসারাইজার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি/পিওএসভি) ব্যবস্থার পরীক্ষাগুলোও সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ১৬ দশমিক ১ মেগাপাসকেল চাপ ও ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ব্যবস্থার ১২টি পরীক্ষা সম্পন্ন করা হয়। পরবর্তী ধাপে ১৮ দশমিক ৬৫ মেগাপাসকেল চাপে পরীক্ষায় প্রাথমিকভাবে কিছু সমস্যা দেখা দিলেও পরবর্তীতে তা সমাধান করা হয়েছে।