নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপাদান হিসেবে হলো ব্লকের ব্যবহার সম্প্রসারণ ও এর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ। রোববার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আবাসন ও অবকাঠামো নির্মাণে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের পরিধি বাড়ানো এবং বিশেষ করে হলো ব্লকের প্রয়োগ ত্বরান্বিত করার বিভিন্ন কৌশলগত দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরিবেশ সুরক্ষা সুসংহত করা এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করার স্বার্থে এসব উপকরণের ব্যবহার বৃদ্ধি জরুরি বলে সভায় গুরুত্বারোপ করা হয়।

উক্ত আলোচনায় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রথাগত উপকরণের পরিবর্তে হলো ব্লকসহ অন্যান্য পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে নির্মাণ খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করার তাগিদ দেন।