রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সাজেক এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। তবে এদিন সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সংগঠন দুটি তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।