উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার অনেক প্রকল্প ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেগুলোর জন্য বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে এই অর্থ জনগণের, তাই প্রতিটি পয়সা সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার একটি বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগকে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না, তাই আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
সভায় প্রধানমন্ত্রী কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তাদের আরও খোলামেলাভাবে নিজেদের মতামত তুলে ধরার আশা প্রকাশ করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।