নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপটি তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এই ঘটনায় অন্তর কুমার সাহা (২০) নামের এক তরুণকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার বিকেলে ক্রিল ল্যান্ডার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তার ল্যাপটপ ও ক্যামেরা সম্বলিত ব্যাগটি রেখে যান। টাকা তুলে ফিরে এসে তিনি ওই ব্যক্তি ও তার ব্যাগটি আর খুঁজে পাননি। পরে ক্রিল জানতে পারেন, ব্যাগটি যার কাছে রেখেছিলেন তিনি রেলওয়ের কোনো কর্মকর্তা ছিলেন না। ঘটনার পর তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চুরি হওয়ার পর থেকে পুলিশের সবকটি ইউনিট ল্যাপটপটি উদ্ধারে একযোগে কাজ করছিল। শনিবার রাতে নাটোর পুলিশের একটি দল লালমনিরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালায়। রোববার সন্ধ্যার পর সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা পুলিশকে জানান যে, তার বাবা ল্যাপটপটি কুড়িয়ে পেয়েছেন। পরে রাত সাড়ে নয়টার দিকে তার বাড়ি থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয় এবং রাত পৌনে ১০টার দিকে তাকে থানায় আনা হয়।
পুলিশ যাচাই-বাছাই করে ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের বলে নিশ্চিত হয়েছে। মুঠোফোনে জার্মান পর্যটককে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি তার ল্যাপটপ খুঁজে পাওয়ার ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন।
রাত সাড়ে ৯টার দিকে ওই মহল্লায় তাঁর বাড়ি থেকে ল্যাপটপটি পুলিশ উদ্ধার করে।