গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের নতুন কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ন্যায়বিচার নিশ্চিতকরণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কূটনৈতিক আলোচনা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হানান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ। সভা চলাকালে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. হানান শাহকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি বজায় রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক এ এন এম ইফতেখার মোমিন মিঠু, সাংগঠনিক সচিব মো. জসিম উদ্দিন কাজল খান, মানবাধিকার সম্পাদক বিলকিছ সুলতানা এবং কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আল-মামুন ও মান্নান বেপারীসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদার বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না গেলে সাধারণ মানুষের মুক্তির পথ তৈরি করা সম্ভব নয়। এর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত করতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার দাবি জানান তিনি। সভায় অন্যান্য বক্তারা মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।