আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটের জন্য ১ হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় বাংলাদেশের ৮ জন ক্রিকেটার রয়েছেন। ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।
ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বেশ কিছু পরিচিত মুখও নিবন্ধন করেছেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ড থেকে লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কা থেকে চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন।
টুর্নামেন্টটির ড্রাফট মূলত ২৭ সেপ্টেম্বর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, তবে পরবর্তীতে তা স্থগিত করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে এই ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দ্বিতীয় আসরটি ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা নিশ্চিত হলেও বাকি দুইটির মালিকানা চূড়ান্ত না হওয়ার কারণে ড্রাফটের তারিখ পেছানো হয়েছে।