ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে যাদের মারামারি করতে দেখা গেছে, তারা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। অনুসন্ধানে জানা গেছে, এই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে এই ঘটনাটি ঘটে।
প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, ২০০৪ সালে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের একটি সন্তান রয়েছে। সন্তানটি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকছেন এবং তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান। ২০১১ সালের দিকে তাঁরা দুজনই একই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। আফজাল হোসেন স্বীকার করেন যে, পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং আগেও দু-তিনবার বিদ্যালয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার দিন তিনি নিজেই সহকর্মী শিক্ষকদের দিয়ে ভিডিওটি ধারণ করিয়েছিলেন বলে জানান। তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ১০ থেকে ১৫ বছরের বেশি সময় ধরে দূরত্ব রয়েছে, তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। পারিবারিক বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে।
সহকারী শিক্ষক আসমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। বর্তমানে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত আছেন এবং শিক্ষার্থীর সংখ্যা ৯০ জনের বেশি।
ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনাটি ১০-১২ দিন আগের হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁদের নজরে আসে। তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। এছাড়া বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় দেওয়ার আরেকটি ঘটনাও উল্লেখ করা হয়েছে।