আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর বিশ্বজুড়ে এই দিবসটি উদযাপন করা হয়।

এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’, যার ভাবার্থ হলো ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্যকে সামনে রেখে এই প্রতিপাদ্যটি নির্বাচন করা হয়েছে। এর মাধ্যমে জ্বালানি উৎপাদনের পাশাপাশি এর সর্বোত্তম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিশ্বের তিনটি প্রধান মান সংস্থা—ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।

সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করেছে।