গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও ৩টি ইউনিট রাস্তায় রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, সড়কে শ্রমিক বিক্ষোভের কারণে কিছু ইউনিটের পৌঁছাতে দেরি হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাদের নিজস্ব পানির টাঙ্কি নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সেনাবাহিনীর এই দল আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে।
কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের এলাকায় ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।