দেশের তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকাগুলো পুরোপুরি মাদকমুক্ত রাখতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকালে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাতের সময় উপাচার্য প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ও বিদ্যমান সমস্যাগুলো প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন। প্রেসিডেন্ট তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

সাক্ষাতের এক পর্যায়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেসিডেন্টকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।