ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করার পর পরীক্ষার মাধ্যমে এই ক্যানসার শনাক্ত হয়। ৭১ বছর বয়সী এই ধর্মগুরু বর্তমানে ইতালির রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভ্যাটিকান নিউজের তথ্যমতে, পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা নামক ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে, যা ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের সময় টিস্যু পরীক্ষার মাধ্যমে এই রোগ নিশ্চিত করা হয়। চিকিৎসকেরা 'ভিএটিএস' পদ্ধতি ব্যবহার করে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন, যেখানে বুক পুরোপুরি না কেটে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরার সহায়তায় অস্ত্রোপচার করা হয়। প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই প্রক্রিয়ায় মূল অস্ত্রোপচার চলে ৯০ মিনিট। অস্ত্রোপচারের পর পোপের জ্ঞান ফিরে আসে এবং তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি।
তবে ক্যানসারটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েছে কি না বা এটি কোন পর্যায়ে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপসারণ করা টিস্যু ও সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ সাপেক্ষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত রোববার (১১ অক্টোবর) সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনা অনুষ্ঠানে পোপ নিজেই তার ফুসফুসে একটি পিণ্ড বা নডিউল শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হওয়া পোপ লিও, যার জন্মনাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। তার অসুস্থতার খবর প্রকাশের পর বিশ্বজুড়ে ক্যাথলিক ধর্মাবলম্বী এবং ভ্যাটিকানের জ্যেষ্ঠ কার্ডিনালরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।