ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের এই কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের বিধি ও নির্দেশনার আলোকে অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান কমিটি অনুমোদনের নথিতে স্বাক্ষর করেন। যদিও চলতি বছরের ৫ মে এই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছিল।
অনুমোদিত এই সাত সদস্যের কমিটিতে পদাধিকারবলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা ও ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুবায়ের তালুকদার মিশকাত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ নুরুল হুদা, জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন এবং ক্রীড়াবিদ আ. স. ম. গালিব মাহমুদ। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জারি করা চিঠির অনুলিপি ঝালকাঠির জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে অনুমোদিত আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।