প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মিলন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর মাধ্যমেই বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে অভিবাসন হবে নিরাপদ, কর্মসংস্থান হবে মর্যাদাপূর্ণ এবং দক্ষ জনশক্তি বিশ্ববাজারে দেশের মর্যাদা বাড়াবে। একইসঙ্গে তিনি প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের জাতীয় উন্নয়নের সমান অংশীদার হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।
অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।