নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া এবং নিয়মিত পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতার মতো কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে লালন উৎসব ও নজরুলবর্ষকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত আয়োজিতব্য শীতকালীন সাংস্কৃতিক উৎসবের রূপরেখা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এই উৎসবে সার্কাস, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ, ঘোড়দৌড়, পাপেট শো, গ্রামীণ সংস্কৃতি ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও গতিশীল ও সক্রিয় করার নির্দেশ দিয়ে বলেন, হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির উত্তরাধিকার আমাদের রয়েছে। তবে প্রযুক্তির উৎকর্ষের যুগে নতুন প্রজন্ম বিদেশি সংস্কৃতির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এর মানে এই নয় যে নিজেদের ঐতিহ্য ভুলে যেতে হবে। বরং কীভাবে তরুণদের কাছে দেশীয় সংস্কৃতি আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়, তা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য কাজ করার সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা দিলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।