যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্সের একটি রকেট উৎক্ষেপণের পর ভোরের আকাশে এক দৃষ্টিনন্দন দৃশ্যের অবতারণা হয়। রকেটটি থেকে নির্গত জ্বালানির ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে বরফের কণায় পরিণত হয় এবং এর ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে জেলিফিশের মতো বিশাল আকৃতির এক মেঘ তৈরি করে। এই আলোকোজ্জ্বল মেঘটি কয়েক মাইলজুড়ে বিস্তৃত ছিল। ফ্লোরিডা থেকে শুরু করে নিউইয়র্ক পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকার মানুষ এই বিরল দৃশ্য দেখার সুযোগ পেয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। সূর্যোদয়ের ৪৮ মিনিট আগে রকেটটি মহাকাশে পাড়ি জমায়। এই রকেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় মালামাল বহন করছিল। সাধারণত ভোর ও সন্ধ্যায় রকেট উৎক্ষেপণের সময় সূর্যের আলো বরফের কণায় প্রতিফলিত হওয়ায় এমন উজ্জ্বল মেঘের সৃষ্টি হয়।
রকেটটি আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কারণে জর্জিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা জেলিফিশ মেঘটি পর্যবেক্ষণ করতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনার ছবি শেয়ার করেছে। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যের আকাশ পর্যবেক্ষণকারীরাও তাদের তোলা ছবি প্রকাশ করেছেন এবং শত শত ব্যবহারকারী এ নিয়ে মন্তব্য করেছেন।
যারা এই দৃশ্যটি দেখার সুযোগ পাননি, তাদের জন্য আগামী ১৯ অক্টোবর আবারও একটি সুযোগ রয়েছে। ওই দিন একই স্থান থেকে স্পেসএক্সের আরেকটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। উপগ্রহ স্থাপনের এই অভিযানের জন্য স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে এক ঘণ্টার উৎক্ষেপণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ওই দিন সূর্যোদয় হবে সকাল ৭টা ১ মিনিটে, ফলে সূর্যোদয়ের আধা ঘণ্টার কিছু বেশি সময় আগেই রকেটটি উৎক্ষেপণ করা হবে।