কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডাটাবেজ হালনাগাদ করার লক্ষ্যে সোনালী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা দুই দিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের দুটি পৃথক সার্কুলারের মাধ্যমে ব্যাংক দুটির সার্ভার আপগ্রেডের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের ক্ষেত্রে, কোর ব্যাংকিং সফটওয়্যারের ডাটাবেজ সংস্করণ আপগ্রেডের কাজ চলবে। এর ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে। এই ৪৮ ঘণ্টা সময়কালে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং এবং ডিজিটাল অ্যাপসহ সব ধরনের ব্যাংকিং সেবা কার্যক্রম স্থগিত থাকবে। তবে শনিবার গ্রাহকরা চাইলে শাখায় গিয়ে স্বাভাবিক সেবা গ্রহণ করতে পারবেন।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সিবিএস ডাটাবেজ সার্ভার, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক এবং ডাটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম হালনাগাদ করা হবে। এ জন্য ২০ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। এই আপগ্রেডের আওতায় সিবিএস ডাটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের সংস্করণ ১১-জি থেকে ১২-সি এবং ডাটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম ওরাকল ১১-জি থেকে ১৯-সি-তে উন্নীত করা হবে।

নির্ধারিত এই আপগ্রেড চলাকালীন ব্যাংক দুটির কোনো গ্রাহকই কোনো ধরনের ডিজিটাল লেনদেন করতে পারবেন না। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ব্যাংক দুটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং জরুরি লেনদেন ডাউনটাইম শুরুর আগেই সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।