জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সংসদ ভবন এলাকা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবনের মাঠ, বাগানসহ পুরো প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সামগ্রিক পরিবেশ, অবকাঠামোর বর্তমান অবস্থা এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সংসদ প্লাজার নান্দনিক সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের নির্দেশনা দিয়েছেন। তিনি মাঠ ও বাগান পরিষ্কার রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালার সঠিক যত্ন নেওয়া এবং সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেছেন।
এছাড়া, সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে অবকাঠামোগত সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুত চিহ্নিত করে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সংসদ ভবনের নিজস্ব স্থাপত্যশৈলী ও নান্দনিকতা বজায় রেখে নিয়মিত তদারকি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেছেন।