গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে একদল মাদক কারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইয়াবাসহ আটক এক নারী ও এক তরুণকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। এ ঘটনায় রেলওয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। হামলার পর তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ইয়াবা বিক্রির সময় ৫৮টি ইয়াবাসহ মো. আনিছ (১৮) ও শিমলা (২২) নামের দুজনকে আটক করা হয়। আটক করার পর তাঁদের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

কিছুক্ষণ পরই একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে পুলিশের তৎপরতায় হামলাকারীরা আটক ওই দুজনকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে।