বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, কৃষিকাজ এখন আর লাভজনক খাত না হওয়ায় শ্রমিকরা এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মাঠে কাজ করার জন্য পর্যাপ্ত কৃষক পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। এই সংকট উত্তরণে তিনি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও যথাযথ সংরক্ষণ ব্যবস্থার অভাবে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে উত্তরাঞ্চলের আলু চাষিদের কথা উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন মৌসুমে ন্যায্যমূল্য না পেয়ে আলু রাস্তায় ফেলে দিতে হয়, অথচ পরবর্তীতে বীজ আলুর দাম আকাশচুম্বী হয়। এই সমস্যা সমাধানে কোল্ড স্টোরেজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। তবে পেঁয়াজ উৎপাদনে গবেষকদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে পেঁয়াজ আমদানির আর প্রয়োজন নেই, যা একটি ইতিবাচক দিক।
কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এতে মাটির গুণাগুণ ও ফসলের মান নষ্ট হচ্ছে। তাই টেকসই কৃষিপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি কৃষিমন্ত্রীর প্রতি পেনশন-সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি উন্নয়নের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, খাল খনন কর্মসূচি ও উচ্চফলনশীল ধানের বীজ সম্প্রসারণের মাধ্যমে তিনি কৃষিখাতে বিপ্লব এনেছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা, কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গাজিপুর-২ এর সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান, বারির মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বারির মহাপরিচালক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে বারি প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে তিনি বারির জিন ব্যাংক ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র (পিজিআরসি) প্রাঙ্গণে বারি কাঁঠাল-৬ জাতের একটি চারা রোপণ করেন।