অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং সেখানে স্থাপিত বসতিগুলো প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
আজারবাইজানে আয়োজিত এক বৈঠকে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। বৈঠকে ওয়াং ই বলেন, ফিলিস্তিন ইস্যুকে চীন এই শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে আসছে।
চীন পুনরায় জোর দিয়ে বলেছে যে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও সমঝোতা অর্জনের একমাত্র সঠিক পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় রোধে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পথ সম্পূর্ণ উন্মুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।