কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা কাউছারকে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে। নিহত কাউছার স্থানীয় আরেক নেতা কবিরের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরদিন শুক্রবার সকালে কাউছার সেই বিরোধপূর্ণ জমির কাছে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি জানান, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।