নিরাপত্তা ও যানজটের কারণ দেখিয়ে কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের জামাতের অনুমতি না দিলেও, দুর্গাপূজার আয়োজন ঘিরে টানা চার দিন এই সড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনের পর দিন সড়ক বন্ধ রাখা হলেও মুসলিমদের ঐতিহ্যবাহী ঈদের জামাতের ক্ষেত্রে এই কঠোর অবস্থান নেওয়া বৈষম্যমূলক। এর আগে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও সাত দিন গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ রাখা হয়েছিল।
১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের দিন নিয়মিত জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবার নিরাপত্তা ও যানজটের অজুহাতে মুসল্লিদের সেখানে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়নি। তাদের বিকল্প হিসেবে কলকাতার ময়দানে নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। অথচ দুর্গাপূজার মহালয়াকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন, সাজসজ্জা, তিন হাজার ঢাকির প্রদর্শনী এবং মঞ্চ তৈরির জন্য রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ৬ অক্টোবর রাত ১০টা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হয়। এরপর ৯ অক্টোবর মধ্যরাত থেকে ১০ অক্টোবর গভীর রাত এবং ১১ অক্টোবর ভোর পর্যন্ত সড়কটি বন্ধ রাখা হয়েছিল। সমালোচকদের প্রশ্ন, মাত্র এক ঘণ্টার একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য অনুমতি না দেওয়া হলেও, অন্য বড় আয়োজনের প্রস্তুতি ও অবকাঠামো নির্মাণের জন্য কীভাবে টানা কয়েক দিন সড়ক বন্ধ রাখা হচ্ছে। তাদের মতে, যানজট ও নিরাপত্তার যুক্তি যদি ঈদের জামাত বন্ধের কারণ হয়, তবে অন্য বড় অনুষ্ঠানের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রয়োগ করা উচিত ছিল।
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৭: ৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮: ০০