অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন এবং সপ্তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলীয় রাজনীতিতে গতি ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। তবে বিতর্কিত ও বিতর্কিত কর্মকাণ্ডে যুক্তদের বাদ দিয়ে তরুণ, মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সামনে আনার কঠোর অবস্থানের কারণে নতুন কমিটি গঠনে কিছুটা বিলম্ব হচ্ছে। দীর্ঘ সময় পর সরকার গঠনের পরপরই জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের বার্তা দেয় দলের হাইকমান্ড। শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষায় এই চার সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে আপাতত স্থবিরতা বিরাজ করছে।
সংগঠনগুলোর শীর্ষ পদ খালি হওয়া ও নতুন নেতৃত্ব তৈরির প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ। যুবদলের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একজন ব্যতীত সবাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, বিএনপি প্রধানের কাছ থেকে নতুন কমিটি গঠনের নির্দেশনা পাওয়ার পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব ছাড়ার আভাস দেন। ওই ঘোষণার পর তিন মাস কেটে গেলেও ছাত্রদলের নতুন নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এরই মধ্যে রাড্ডাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এসব সংগঠনে দ্রুতই নতুন কমিটি দেওয়ার আলোচনা চলছে। গত ৫ই আগস্টের পর সারা দেশে একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও দখলের অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে হাইকমান্ড। জড়িত অনেকের বিরুদ্ধে এরই মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন কমিটিতে স্থান দেওয়ার ক্ষেত্রে রাজপথের পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়নের পাশাপাশি ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখাকেই মূল শর্ত হিসেবে ধরা হচ্ছে।
একইসঙ্গে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল ঘিরেও প্রস্তুতি চলছে। দলের তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার চলতি বছরের ডিসেম্বরে কাউন্সিল হওয়ার কথা জানালেও সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্ধারিত সময়ে তা হচ্ছে না। তবে আগামী বছরের জানুয়ারিতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে শূন্য পদগুলো পূরণের সিদ্ধান্ত হলেও কাউন্সিলের দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি। এবার কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়ার ধারা ভেঙে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কাউন্সিলের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও খুব শিগগিরই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।