দেশের প্রথম জেলা পরিষদ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ সফলভাবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। ৬০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি জেলা পরিষদের প্রকৌশল শাখা ও সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে স্থাপন করা হয়েছে।

প্রকল্পটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম গত বৃহস্পতিবার বিকালে। উদ্বোধনের অংশ হিসেবে জেলা পরিষদ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সোলার প্যানেল সিস্টেমটি স্থাপনের দায়িত্ব পালন করেছে মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড, যারা আগামী ২০ বছর এর রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ২০ লাখ টাকার সঙ্গে জেলা পরিষদের নিজস্ব তহবিল যোগ করা হয়েছে। প্রকৌশল ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতার প্যানেল বসানো হয়েছে। এর মধ্যে ৪০ কিলোওয়াট বিদ্যুৎ জেলা পরিষদের দৈনন্দিন চাহিদা মেটাবে এবং বাকি ২০ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বিশ্বজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় নিজস্ব ও নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ জানান, সফলভাবে এই প্ল্যান্ট বাস্তবায়নের মাধ্যমে ফরিদপুর জেলা পরিষদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে নজির স্থাপন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।