সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

জেদ্দা কনস্যুলেটের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুদণ্ড বা অভিযুক্তদের বিচার প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ মিশনকে আগে থেকে কিছু জানানো হয়নি। গণমাধ্যমে মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসার পর কনস্যুলেট নড়েচড়ে বসে।

কর্মকর্তারা আরও জানান, ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত বিবরণ জানতে চেয়েই এই কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দূতাবাস বা কনস্যুলেটের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা তথ্য সরবরাহ করা হয়নি বলে তারা জানিয়েছেন।