কাঠালিয়ায় ছোট ভাই হ/ত্যা মামলার প্রধান আসামির ঝুলন্ত মর/দেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ছোট ভাইকে হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই মো. নুরুল ইসলাম নুরু হাওলাদার (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মহিষকান্দি গ্রামের নিজ বসতবাড়ির দক্ষিণ পাশে মামা সোহরাব মিয়ার ঘরের কাছের একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু হাওলাদারের ছোট ভাই বেল্লাল হাওলাদার (৩৫) হ*ত্যাকাণ্ডের শিকার হন। ওই হ*ত্যা মামলার প্রধান আসামি ছিলেন নুরু হাওলাদার। ঘটনার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং তিনি হ*ত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বলে জানা গেছে।
নিহতের মামা সোহরাব মিয়া জানান, শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী নুরু হাওলাদারকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁদের শিক্ষককে জানায়। পরে শিক্ষক স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং ইউপি সদস্য মান্নান হাওলাদারকে অবহিত করেন।
খবর পেয়ে দুপুর ২টার দিকে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে পাঠানো হবে।