দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি 'উদ্যোগ'-এর আওতায় ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে তাদের ব্যবসার জন্য অর্থায়নের ব্যবস্থা করা হবে, যার মূল লক্ষ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানো।

কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে গণ্য করা হবে। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসা করার নতুন পরিকল্পনা বা ভালো ব্যবসায়িক ধারণা থাকলে যে কেউ আবেদন করতে পারবেন; আগে থেকে ব্যবসা থাকার কোনো বাধ্যবাধকতা নেই।

আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫৬ জেলার সব উপজেলায় আগ্রহী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এই কর্মসূচির বিস্তারিত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এ উল্লেখ রয়েছে।

এর আগে প্রাথমিক পর্যায়ে আটটি জেলায় (মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা) এই কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই প্রক্রিয়ায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নেত্রকোণায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।