সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি-৬-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আমিনীকে আটক করতে সক্ষম হন।

এর আগে গত মঙ্গলবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শামীম দেবহাটার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমানের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মোক্তার হোসেন খান (৫৩) ও ৬ নম্বর আসামি আসাদুল ইসলাম মোল্যাকে (৪৬) গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।