লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন ব্যক্তিকে পুশইনের চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তারা ৮৩৮/১ নম্বর পিলারের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে ব্যাপক তৎপরতা ও সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, মধ্যরাতে পুশইনের খবর পেয়ে স্থানীয়রা তিনজনকে আটক করেছিলেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হলে বিজিবি তাদের সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠায়। সাদিকুল ইসলামের ভাষ্যমতে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সঙ্গে থাকা আরও তিনজন বিভিন্ন পথ দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। তবে স্থানীয়দের দাবি করা এই ১২ জনের পুশইনের বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০: ৫২আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০: ৫৭