বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতার বাইরে থাকা ১৮ হাজার কিশোরী ও তরুণীর জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার সরকারি উন্নয়ন সহযোগিতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এই নারীদের কারিগরি দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে সংস্থা দুটি যৌথভাবে কাজ করছে।

পাঁচ বছর মেয়াদি এই বিশেষ উদ্যোগটির মূল লক্ষ্য হলো কিশোরী ও তরুণীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কেবল কর্মসংস্থানের সুযোগই পাবে না, বরং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথও প্রশস্ত হবে।