নাটোরের বড়াইগ্রামে সবজি ক্ষেতের পাশে এক ঘাসের জমি থেকে কালু ওরফে রঞ্জু (৪০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবারের সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রঞ্জু ওই গ্রামের বাসিন্দা প্রয়াত শরম প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে কৃষক শরীফ নিজের ক্ষেতে সবজি তুলতে যান। তখন পাশে ঘাসের জমিতে নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি আশেপাশের মানুষদের বিষয়টি জানান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জন্ম থেকেই সহজ-সরল ও মানসিক ভারসাম্যহীন রঞ্জুর এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার সম্পর্ক রয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।